...|...|...

সারাদেশ

ফেনীতে ছাত্রহত্যা মামলায় যুবলীগ নেতা আটক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২৮
Shares
ফেনীতে ছাত্রহত্যা মামলায় যুবলীগ নেতা আটক

যুবলীগ নেতা কামরুল ইসলাম প্রকাশ (৩২)। ছবি: সংগৃহীত

ফেনীর মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় যুবলীগ নেতা কামরুল ইসলাম প্রকাশ ওরফে হোন্ডা কামরুলকে (৩২) আটক করেছে ফেনী গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।

আটক কামরুল ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। কামরুলের বিরুদ্ধে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তার মালিকীয় হোন্ডা দোকান থেকে হেলমেট সাপ্লাই দেওয়ারও অভিযোগ রয়েছে।

মহিপালের স্থানীয় একাধিক দোকানী জানান, ‘হোন্ডা কামরুল’ শুধু হেলমেট সাপ্লাই দেয়নি। সে নিজেও ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সরাসরি অংশগ্রহণ করেছে।

পুলিশ জানায়, ফেনীর মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর দিনদুপুরে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় হোন্ডা কামরুল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে আটক করে ফেনী মডেল থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ গণমাধ্যমকে বলেন, ছাত্রহত্যা মামলায় জেলা গোয়েন্দা পুলিশ একজনকে আটক করে মডেল থানায় হস্তান্তর করেছে। অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ফেনী গোয়েন্দা (শাখা ডিবি) ওসি জাবেদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ছাত্রহত্যায় অভিযুক্ত একজনকে মহিপাল থেকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আটক যুবলীগ নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ক্রাইম অ্যান্ড অপস) মু. সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করার জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।