জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। দলটির বিরুদ্ধে আন্দোলন ও ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন ‘যেখানেই এনসিপি পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে। ’
বুধবার ২৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী এ কথা বলেন। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ হয়।
ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘কিছুদিন ধরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের বক্তব্য দেওয়ার পর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ আমাদের নেতা–কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।’ এনসিপির নেতাদের সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, এসব বক্তব্যের পর যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাঁদেরই নিতে হবে।
সমাবেশে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ তুলে নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব আফছর খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।
সমাবেশে নাসিম হোসেন বলেন, বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্বে থেকেছে, তখন দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়েছে। বিএনপির শাসনামলে দেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল ছিল। একটি স্বার্থান্বেষী মহল সব সময় দেশের শান্তি ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালায়।
নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, যেকোনো মূল্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী চক্রান্ত প্রতিহত করতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতা–কর্মীকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে রাজপথে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। কোনো চক্রান্তকারী অপশক্তিকে দেশের শান্তিশৃঙ্খলা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেওয়া হবে না।


