ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার বনশ্রীর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, এম শফিকুল হোসেন মহিম ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বনশ্রীর একটি বাসায় ভাড়া থাকতেন।
তিনি পরশুরাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য।
শফিকুল হোসেন মহিমের স্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় রাতে ডাক্তার দেখানোর জন্য ওই ভাড়া বাসা থেকে বাইরে গেলে কয়েকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান বলেন, সোমবার (২১ সেপ্টেম্বর) একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


