...|...|...

সারাদেশ

শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪৬
Shares
শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ছবি: টাইমস টুডে

নাটোরে আট বছর বয়সী এক শিশুর হাতের আঙুল বটি দিয়ে কুপিয়ে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত কনস্টেবল শাকিল বর্তমানে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। তিনি ভুক্তভোগী শিশুটির পরিবারের বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়ায় থাকতেন।

আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির বাবা ও ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মিলন।

মাহমুদুল হাসান মিলন অভিযোগ করে বলেন, কনস্টেবল শাকিল তার পরিবার নিয়ে তাদের বাসায় ভাড়ায় থাকেন। মঙ্গলবার রাতে তাদের বাড়িতে পারিবারিকভাবে একটি পিকনিকের আয়োজন করা হয়। সেখানে তার ছেলের সাথে শাকিলের মেয়ের সামান্য বিরোধ হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়।

তিনি জানান, বুধবার বাইরে থেকে বাড়িতে ফিরে কনস্টেবল শাকিল তার ছেলেকে জোর করে বাড়ি থেকে বের করে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে খাটের চৌকাঠের ওপর শিশুটির হাত রেখে বটি দিয়ে কুপিয়ে তার আঙুল কেটে দেওয়া হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মাহমুদুল হাসান বলেন, আমার ছেলে এখন রাজশাহীতে চিকিৎসাধীন। এ ঘটনায় আমরা দ্রুত অভিযোগ করব। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর বিচার চাই।

এদিকে, স্থানীয় একটি সূত্রের দাবি, কনস্টেবল শাকিলও ওই শিশুর বিরুদ্ধে তার চার বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা লিখিত অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

অভিযুক্ত কনস্টেবল শাকিলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।