...|...|...

সারাদেশ

ধর্ষণ মামলায় নেত্রকোনায় যুবক কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৮
Shares
ধর্ষণ মামলায় নেত্রকোনায় যুবক কারাগারে

আবু হানিফ (৩৩)। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে ধর্ষণের মামলায় আবু হানিফ (৩৩) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আবু হানিফকে নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নেত্রকোনা আদালতের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো আবু হানিফ মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার সকালে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

একই দিন সকালে ভুক্তভোগী ২০ বছর বয়সী নারী বাদী হয়ে আবু হানিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু হানিফ ভুক্তভোগীর চাচাতো বোনের স্বামী। এজাহারে বলা হয়েছে, তিনি প্রায়ই ওই নারীকে কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় প্রায় নয় মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে আবু হানিফ ওই নারীকে সিলেটে নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, বিয়ের জন্য চাপ দিলে আবু হানিফ বিয়ের রেজিস্ট্রি করার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানালে অভিযুক্ত তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে আহত করা হয়। বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়, আবু হানিফ ওই নারীকে ও তার গর্ভের সন্তানকে হত্যার হুমকি দেন এবং গর্ভের সন্তান নিজের নয় বলে অস্বীকার করেন। বিষয়টি নিয়ে অভিযোগ করলে তাকে ও তার অনাগত সন্তানকে হত্যা করার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে আমরা আসামিকে গ্রেফতার করি। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে।’