নেপালে আকস্মিক বন্যা ও দুর্যোগের কারণে আটকে পড়া বা যোগাযোগ বিচ্ছিন্ন ভারতীয় নাগরিকের সংখ্যা ২৮৮ জন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, পাওয়া তথ্য অনুযায়ী নেপালে আটকে থাকা বা যাদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, তাদের মধ্যে ত্রিশুলি ওয়ান বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৭৩ জন রয়েছেন।
তিনি বলেন, কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রকল্পটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
রণধীর জয়সওয়াল বলেন, দুর্যোগের কারণে নেপালের যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে কাজ চলছে।
আটকে পড়া ভারতীয়দের মধ্যে পর্যটক ও তীর্থযাত্রীরাও রয়েছেন। কৈলাস ও মানস সরোবরের উদ্দেশে যাওয়া তামিলনাড়ুর ৩৭ ও ৪৯ জনের দুটি দল এবং পশ্চিমবঙ্গের ৩২ জনের একটি দলের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
পশ্চিমবঙ্গের পর্যটক দলটি রাসুয়া জেলার তিমুরের কাছে অবস্থান করছিল। রাসুয়া এলাকাতেই আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে।
এ ছাড়া কেরালা থেকে যাওয়া ৩৩ জনের একটি দল এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া আরও ৬১ জনের একটি দলের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ভারতীয় কতৃপক্ষ জানায়, তামিলনাড়ুর ২১ জন পর্যটককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তাদের দ্রুত ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
কৈলাস ও মানস সরোবরের উদ্দেশে যাওয়া আরও অনেক ভারতীয় তীর্থযাত্রী চীনের এলাকায় আটকে রয়েছেন। তাদের সঙ্গে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে।
রণধীর জয়সওয়াল জানান, আনুমানিক ২০০ ভারতীয় নাগরিক সেখানে আটকে রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, নেপালে থাকা ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগের জন্য ভারত সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং নেপাল কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।




