নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে।
নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় ৫টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মৃতের সংখ্যা ৩৩২ ঘোষণার প্রায় এক ঘণ্টা পর এই তথ্যটি এলো।
বুধবার নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় এই বিধ্বংসী বন্যা আঘাত হানে। এরপর থেকেই জীবিতদের উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করেছে উদ্ধারকারী দলগুলো। তবে দুর্যোগের পুরো চিত্র এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে এ ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সেখানে অন্তত ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। তবে নেপালের নিখোঁজের সংখ্যার সঙ্গে তিব্বতের এই সংখ্যা মিলছে কি না, তা পরিষ্কার নয়।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে দুর্যোগের কারণে আটকে রয়েছেন বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন ভারতীয় নাগরিকের সংখ্যা ২৮৮ জন।


