বাংলাদেশ আর কখনো কারও কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আরও বলেন, আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এছাড়া অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা এবং এতে যোগ দিলে দেশের কী ধরনের সুবিধা হতে পারে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্যাক্টকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়। আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি চুক্তির সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
প্রায় এক বছর আলোচনার পর গত ৭ আগস্ট সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে সই করেন।



