...|...|...

বিশ্ব

নীতি পরিবর্তন করুন, ইসরায়েলকে কড়া বার্তা ডাচ মন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৯
Shares
নীতি পরিবর্তন করুন, ইসরায়েলকে কড়া বার্তা ডাচ মন্ত্রীর

সোয়ের্ড সোয়ের্ডসমা। ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল সরকারের সাথে সম্পর্কের চরম অবনতি ঘটেছে ইউরোপে দেশটির অন্যতম ঘনিষ্ঠ মিত্র নেদারল্যান্ডসের। গাজার অসুস্থ ও আহত শিশুদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ইসরায়েলকে নিজেদের বর্তমান নীতি পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ডাচ সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ‘আরব নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী সোয়ের্ড সোয়ের্ডসমা এ কথা বলেন।

তিনি জানান, গাজার শিশুদের দুর্ভোগের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে তাদের সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না।

তিনি বলেন, আমি মনে করি এটি ইসরায়েল সরকারের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ডাচ জনমতের এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমি আমাদের ইসরায়েলি সহকর্মীদেরও এটিই বলছি: দয়া করে আমাদের বন্ধুত্ব নবায়ন করতে সাহায্য করুন। আপনাদের নীতি পরিবর্তন করুন।

সোয়ের্ডসমা আরও বলেন, গাজায় আহত বা অসুস্থ শিশুর সংখ্যা অত্যন্ত ভীতিকর এবং তা অমানবিক। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে এই শিশুদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। এই কারণেই আমাদের এই শিশুদের চিকিৎসার জন্য বাইরে নিয়ে আসতে হবে।

এদিকে, গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম এবং জর্ডানের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফিলিস্তিনি শিশুদের জন্য পদক্ষেপের আহ্বান’ শীর্ষক অনুষ্ঠানেও একই সুরে কথা বলেন ডাচ মন্ত্রী। সেখানে ইসরায়েলের ত্রাণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমাদের সত্যকে সত্য বলেই মেনে নিতে হবে, এটি একটি চরম লজ্জাজনক বিষয়।

প্রসঙ্গত, গাজার অসুস্থ শিশুদের জরুরি চিকিৎসার জন্য ১ কোটি ২০ লাখ ইউরো (১ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার) আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে ডাচ মন্ত্রিসভা। এর আওতায় ২৫০ জন গুরুতর অসুস্থ ও আহত শিশুকে চিকিৎসার জন্য জর্ডানে স্থানান্তরিত করা হবে। নেদারল্যান্ডস বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে মিলে এই কাজ করবে। এর মধ্যে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর উদ্যোগে ২০২৫ সালের শুরুর দিকে শুরু হওয়া ২,০০০ গাজান শিশুকে চিকিৎসার প্রজেক্টের আওতায় ৬ মিলিয়ন ইউরো খরচ করবে ডাচ সরকার।

সংকটের সমস্ত দায় সরাসরি ইসরায়েলের ওপর চাপিয়ে ডাচ মন্ত্রী বলেন, আমরা গাজায় এক ভয়াবহ বিপর্যয় ঘটতে দেখেছি এবং এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি ইসরায়েল সরকার ঘটাচ্ছে। তার মতে, এই দৃঢ় বিশ্বাসের কারণেই ইসরায়েল সরকারের কার্যক্রম বন্ধে ডাচ সরকার ইইউর ভেতরে অগ্রণী ভূমিকা পালন করছে।

এর অংশ হিসেবে গত মঙ্গলবার অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানি, ক্রয় এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নেদারল্যান্ডস। এই ডাচ নিষেধাজ্ঞা অন্যান্য দেশের তুলনায় আরও কঠোর, কারণ এটি বাণিজ্যে সহায়তাকারী ও নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার চেষ্টাকারী পরিষেবাগুলোকেও এর আওতায় এনেছে। নেদারল্যান্ডস ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান গেটওয়ে হওয়ায় এই নিষেধাজ্ঞার প্রভাব ডাচ বাজারের সীমানা ছাড়িয়ে বিস্তৃত।