...|...|...

অপরাধ

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার পরিকল্পনাকারীদের একজন গ্রেফতার: ডিবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৪
Shares
নিউগিনি আবাসন প্রকল্পে হামলার পরিকল্পনাকারীদের একজন গ্রেফতার: ডিবি

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর–লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল রবিবার রাতে মাগুরা থেকে বিকাশকে গ্রেফতার করা হয় বলে ডিবি জানায়। এ নিয়ে এই হামলা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে।

বিকাশকে গ্রেফতারের তথ্যের সত্যতা নিশ্চিত করেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডিবি বলছে, ঘটনার দিন দুপুরে ইসিবি চত্বরের খাবারের একটি দোকানে বসে হামলার পরিকল্পনা করা হয়। এই বৈঠকে বিকাশ উপস্থিত ছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা হয়। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর-লুটপাট করা হয়। সেদিন রাতেই ঘটনার বিবরণ দিয়ে সালমান একটি ভিডিও প্রকাশ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আবাসন প্রকল্পটিতে হামলা চালানো হয়। হামলার দিন দুপুরে বৈঠকের পর বিকেলে দুই জায়গায় লোক জড়ো করা হয়। পাঁচটি পিকআপে করে ও হেঁটে ঘটনাস্থলে যায় প্রায় ২০০ হামলাকারী। রাত সাড়ে ১০টার দিকে মূল ফটকে গুলি ছুড়ে হামলা শুরু করে তারা। হামলায় অংশ নেন মিরপুরের মো. ইব্রাহিম ও মামুন বাহিনীর সদস্যরা। এই ইব্রাহিম ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক। পুলিশের তালিকায় তার নাম ‘কিলার ইব্রাহিম’।

হামলার ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্তের দায়িত্বে আছে ডিবির গুলশান বিভাগ।