রাজধানীর কাফরুল থেকে মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কর্মকর্তা রাজধানীর ভাসানটেক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে মিরপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।
মাহমুদুল হাসান মিরপুর ১৩ নম্বর সেকশনে থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধায়।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে লাশ উদ্ধারের বিষয়ে বলেন, গতকাল রবিবার বিকেলে হাসপাতাল থেকে মাহমুদুল হাসানের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, বাসায় যখন কেউ ছিল না, তখন মাহমুদুল হাসান গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বাসায় ফিরে তার ঝুলন্ত নিথর দেহ দেখতে পান। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মাহমুদুল হাসানের লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।


