‘পুলিশি হয়রানি’ ও রিকশা ডাম্পিং বন্ধসহ ঢাকার সব সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। তাদের অবস্থানের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সোমবার সকাল ১১টার পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে রিকশাচালকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। পরে কয়েক হাজার চালক সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা আটক করে চালকদের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করছে। জরিমানার টাকা দিতে না পারলে রিকশা ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন রিকশার মালিক ও চালকরা।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বিক্ষোভ থেকে চালকরা ‘হয়রানি ও ডাম্পিং’ বন্ধের পাশাপাশি ঢাকার সব সড়কে ব্যাটারিচালিত রিকশা অবাধে চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থানের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করে। পরে চালকরা একটি মিছিল নিয়ে পল্টনের দিকে চলে যান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।


