মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের মালিক এবং চালকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়াই শুধু মূল কর ও নির্ধারিত ফি দিয়ে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ দেওয়া হয়েছে।
সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, যাদের যানবাহন বা চালকের লাইসেন্সের মেয়াদ পার হয়ে গেছে, তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ধরনের অতিরিক্ত জরিমানা ছাড়াই বকেয়া কাগজপত্র হালনাগাদ করে নিতে পারবেন।
মালিকানা পরিবর্তন না করলে পুরোনো মালিকের ওপরই পড়বে করের চাপ
বিজ্ঞপ্তিতে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার পর দ্রুত মালিকানা বদলের ওপর কড়া তাগিদ দেওয়া হয়েছে। বিআরটিএ জানিয়েছে, অনেকে গাড়ি বিক্রির পর নতুন মালিকের নামে নিবন্ধন হস্তান্তর করছেন না।
এতে করে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী গাড়ি সংক্রান্ত অগ্রিম আয়কর, পরিবেশ সারচার্জ ও অন্যান্য বকেয়ার দায় এসে পড়ছে আগের মালিকের ঘাড়েই।
ঘরে বসেই অনলাইনে মালিকানা বদল
গ্রাহক দুর্ভোগ কমাতে মালিকানা পরিবর্তনের আবেদন ও ফি পরিশোধের সেবা অনলাইনে উন্মুক্ত রাখা হয়েছে। বিআরটিএ সার্ভিস পোর্টাল (BRTA Service Portal)-এ নির্ধারিত ফরম, মূল কাগজপত্রের তথ্য ও ফি জমার রশিদ জমা দিয়ে সহজেই ক্রেতা-বিক্রেতা হস্তান্তরের এই প্রক্রিয়া শেষ করতে পারবেন।

