ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। খবরটি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলভিত্তিক এই জোটে মোট ৩৭টি সদস্যদেশ রয়েছে। গ্রুপটির শীর্ষ পদ পাওয়ার মাধ্যমে আইপিইউতে সদস্য দেশগুলোর সংসদীয় প্রতিনিধিত্ব ও পারস্পরিক সমন্বয়ে বাংলাদেশ এখন থেকে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।
এর আগে ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নিতে রবিবার (৪ অক্টোবর) তানজানিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক এই সংসদীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

