‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ৭ নভেম্বরকে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সাথে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে একই বৈঠকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সরকারি ছুটির সূচি অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি রয়েছে। এর সাথে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি যুক্ত হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও মিলবে। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস বন্ধ থাকবে।
এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।


