সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩-এর সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করেছেন। ফলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে আসনটি শূন্য হয়েছে।
শূন্য হওয়া আসনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করা হয়েছে। পাশাপাশি আসন শূন্য হওয়ার বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
ফেরদৌসী আহমেদের পদত্যাগের পেছনে রয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, ওই ঘটনার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে হামলা চালায়। হামলায় কেন্দ্রটির পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
ঘটনার অনুসন্ধানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নাম উঠে আসে। স্থানীয়ভাবে তারা ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় সরকারের বিব্রত হওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।
১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। হামলায় কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার পর সেটিকে পুনরায় ব্যবহার উপযোগী করতে দ্রুত সংস্কারকাজ চলছে।


