...|...|...

জাতীয়

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১১:০৬
Shares
শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী

লতিফুল ইসলাম শিবলী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় গীতিকার, লেখক ও নাট্যকার লতিফুল ইসলাম শিবলী। এক বছরের জন্য তাকে গ্রেড-১ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মো. লতিফুল ইসলাম শিবলীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে গ্রেড-১ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।’

গীতিকার হিসেবে লতিফুল ইসলাম শিবলীর পরিচিতি দীর্ঘদিনের। তার লেখা গানের সংখ্যা প্রায় চার শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য ‘জেল থেকে বলছি’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘তুমি আমার প্রথম সকাল’ ও ‘রাজকুমারী’। ১৯৯৫ সালে প্রকাশিত হয় তার একক গানের অ্যালবাম ‘নিয়ম ভাঙার নিয়ম’। এ ছাড়া ‘সং অফ বিলিভ’ নামের একটি ব্যান্ড দলের সাথেও যুক্ত ছিলেন তিনি।

গানের পাশাপাশি কবিতা ও কথাসাহিত্যেও রয়েছে তার অবদান। শিবলীর আলোচিত উপন্যাসের মধ্যে রয়েছে ‘আসমান’, ‘দখল’, ‘দারবিশ’, ‘রাখাল’, ‘ফ্রন্টলাইন’, ‘অন্তিম’, ‘ইমাম’ ও ‘নূর’। এ ছাড়া ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’ নামে তার একটি গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ রয়েছে।

নাট্যকার হিসেবেও কাজ করেছেন লতিফুল ইসলাম শিবলী। ‘তোমার চোখে দেখি’ তার প্রথম সাড়াজাগানো নাটক। এ পর্যন্ত ১১টির বেশি নাটক লিখেছেন তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্যও তার লেখা।

অভিনয়েও রয়েছে শিবলীর অভিজ্ঞতা। ১৯৯৭ সালে নিজের লেখা টেলিভিশন নাটক ‘রাজকুমারী’-তে ‘মির্জা গালিব’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন তিনি।