...|...|...

জাতীয়

মার্কেট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ৮:১৪
Shares
মার্কেট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে মার্কেটে সোলার প্যানেল স্থাপনের জন্য ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ দেবে সরকার।

রবিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী, তাদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ দেওয়া হবে। তবে সোলার প্যানেলের গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

সনদ থাকার পরও নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ বা স্থাপন করা হলে বিএসটিআই ও সংশ্লিষ্ট স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি।

বৈঠকে দেশজুড়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন সমিতির নেতারা। তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। সাধারণ মানুষ এসব ঘটনাকে লোডশেডিং হিসেবে বিবেচনা করলেও এর বেশির ভাগই বিদ্যুৎ বিভ্রাট।

সমিতির হিসাব অনুযায়ী, একজন গ্রাহক বছরে গড়ে ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন। অথচ বাংলাদেশের মতো আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে মাত্র একবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয় বলে দাবি করেছে সংগঠনটি।

বিদ্যুৎ সরবরাহে এ ধরনের বিঘ্ন কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানালে মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রিপেইড মিটারে রিচার্জ করা অর্থের চেয়ে কম টাকা প্রদর্শনের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

সমিতির পক্ষ থেকে বলা হয়, গ্রাহক দুই হাজার টাকা রিচার্জ করলেও মিটারে তার চেয়ে কম অর্থ প্রদর্শিত হয়। ডিমান্ড চার্জ, ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হচ্ছে। এমনকি মিটার ভাড়া বাতিলের সিদ্ধান্ত হলেও সংশ্লিষ্ট পরিপত্র জারি না হওয়ায় এখনো তা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে সমিতি।

এ অবস্থায় মোবাইল ফোনের মতো প্রিপেইড মিটারেও রিচার্জের সম্পূর্ণ অর্থ প্রদর্শনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। অন্যান্য প্রযোজ্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের কথা বলা হয়েছে।

সমিতির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তবে নতুন ব্যবস্থা কার্যকরের সময়সীমা উল্লেখ করা হয়নি।

এ ছাড়া বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের তার চুরির কারণে গ্রাহকদের আর্থিক ক্ষতির বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।