...|...|...

জাতীয়

৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১ হাজার ৪১৬ জন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৯
Shares
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১ হাজার ৪১৬ জন

ছবি: সংগৃহীত

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের প্রজ্ঞাপন রবিবার (২৯ নভেম্বর) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে আগ্রহী নন বলে গণ্য হবেন। সেক্ষেত্রে তার নিয়োগপত্র বাতিল করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেলের নবম গ্রেডে পদায়ন করা হয়েছে। এ গ্রেডে বেতনক্রম ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। চাকরিতে যোগদানের পর তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

নিয়োগের শর্তাবলি

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী, চাকরিতে যোগদানের সময় কর্মকর্তাদের নিজেদের এবং পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দিতে হবে। এরপর প্রতি পাঁচ বছর অন্তর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এ বিবরণী ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

এ ছাড়া যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড বা অঙ্গীকারনামা দিতে হবে। এতে কর্মকর্তা নিজে কিংবা পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না বলে অঙ্গীকার করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা বিদেশি নাগরিককে বিয়ে করে থাকলে অথবা বিয়ের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

কোটায় নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সনদ যাচাইয়ের সময় কোনো সনদ ভুয়া বা জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। একই সাথে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

নিয়োগপ্রাপ্ত ১ হাজার ৪১৬ জনের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।