...|...|...

জাতীয়

বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তায় বিশেষ নির্দেশনা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০২
Shares
বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তায় বিশেষ নির্দেশনা

ছবি: সংগৃহীত

দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ লক্ষ্যে বিভাগের আওতাধীন সব বিদ্যুৎ কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদের সই করা চিঠিটি পিজিসিবি পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো পিএলসি, ওজোপাডিকো, আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি পিএলসি, সিপিসিসিবিএল, নওয়াপাজেকো, বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরইসিএল এবং আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখার লক্ষ্যেই এ নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।