...|...|...

জাতীয়

বাড়ল পূজার ছুটি, কত দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২০
Shares
বাড়ল পূজার ছুটি, কত দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের ছুটি আরও এক দিন বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় দুর্গাপূজাকে ঘিরে মোট পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।

স্কুলে কত দিন ছুটি

২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১৮ অক্টোবর রোববার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।

তবে নির্ধারিত ছুটির আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের আরও চার দিন অতিরিক্ত ছুটি কাটানোর সুযোগ তৈরি হতে পারে।

এরপর ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষে আরও এক দিনের ছুটি রয়েছে। সে হিসাবে ক্যালেন্ডার অনুযায়ী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটির সুযোগ পেতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

তবে এই সময়সূচি পুরোপুরি নির্ভর করবে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সিদ্ধান্তের ওপর। একাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী ছুটির সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে।

কলেজে ছুটি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলোতে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি রাখা হয়েছে, মাঝের দুই শুক্র ও শনিবার বাদ দিয়ে।

দুর্গাপূজা ও বিজয়া দশমীর পাশাপাশি প্রবারণা পূর্ণিমা এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষেও এ ছুটি রাখা হয়েছে। এর আগে ও পরের শুক্র ও শনিবার—১৬-১৭ এবং ৩০-৩১ অক্টোবর—যুক্ত করলে মোট ছুটির সময় দাঁড়াবে ১৬ দিন।

মাদ্রাসায় তিন দিনের ছুটি

সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা দুর্গাপূজায় তিন দিনের ছুটি পাবেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ছুটি আলাদা

বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার, প্রশাসনিক সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী ছুটি নির্ধারণ করে।

ফলে দুর্গাপূজায় কোনো বিশ্ববিদ্যালয়ে কত দিন ছুটি থাকবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আলাদা বিজ্ঞপ্তি বা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে।

সাত দিনের ছুটি পাবেন যারা

২২ অক্টোবর নির্বাহী আদেশের ছুটিসহ দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি থাকবে। তবে ১৮ অক্টোবর মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর মহাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

এ দুই দিনের ঐচ্ছিক ছুটি নিলে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি মিলবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে তারা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।


এদিকে ঐচ্ছিক ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। নির্ধারিত ঐচ্ছিক ছুটি নিয়ে সরকারি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা সাত দিনের ছুটির সুযোগ পাবেন সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অন্য সরকারি চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটি নিজ নিজ প্রতিষ্ঠান ও ক্যালেন্ডারের ওপর নির্ভর করবে।