সরকার নির্ধারিত অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব উপযোগী ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ২৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি আদেশ পাঠানো হয়। আদেশে জানানো হয়, সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করেছিল। সেই পরিপত্রের ভিত্তিতে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে, যা বাস্তবায়নের দায়িত্ব এখন বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ওপর বর্তেছে।
এই লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের নিজস্ব উপযুক্ত ভবন বা স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা যাবে- হয় বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ (অপারেটিং এক্সপেন্ডিচার) মডেলে, যেখানে বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌর প্যানেল বসাবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান নির্দিষ্ট মেয়াদে বিদ্যুৎ ব্যবহারের বিনিময়ে মূল্য পরিশোধ করবে, অথবা প্রতিষ্ঠান নিজস্ব তহবিল থেকে সরাসরি বিনিয়োগ করে এই ব্যবস্থা স্থাপন করতে পারবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যাপক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। এসব দপ্তরে সিংহভাগ বিদ্যুৎ চাহিদা সৌরশক্তি থেকে পূরণের পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।
এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্যান্য সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে সরকার একদিকে যেমন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চাইছে, তেমনি প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিদ্যুৎ ব্যয় কমিয়ে আনারও উদ্যোগ নিয়েছে।


