সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আগামী ১ অক্টোবরের মধ্যে যদি কেউ নিয়োগপত্র না পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুযায়ী যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে যত দ্রুত সম্ভব পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, সরকারি চাকরিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন বা ভেটিং প্রক্রিয়া সম্পন্ন করা একটি স্বাভাবিক ও নিয়মিত ধাপ, যা সব নিয়োগের ক্ষেত্রেই অনুসরণ করা হয়ে থাকে।
সবশেষে মন্ত্রণালয় প্রার্থীদের উদ্দেশে অনুরোধ জানিয়েছে, তারা যেন সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো গণমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন বা অসত্য তথ্যে বিভ্রান্ত না হন এবং সঠিক তথ্যের জন্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার ওপর আস্থা রাখেন।


