দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কবে নাগাদ এই কমিটি গঠিত হবে এবং কমিটিতে কাদের রাখা হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানায়নি মন্ত্রণালয়।
সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
এর আগে গত ৩০ জুন মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এ সংক্রান্ত কমিটির কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।


