...|...|...

অর্থনীতি

৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪২
Shares
৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

ছবি: সংগৃহীত

সিস্টেম আধুনিকায়ন, নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কাজের কারণে দেশের ১৯টি ব্যাংকের কিছু প্রযুক্তিনির্ভর সেবা প্রায় ছয় দিন সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে কার্ড, এটিএম, পিওএস, কিউআর ও অনলাইন লেনদেনের মতো কয়েকটি সেবা ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা।

ব্যাংকগুলোর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন কার্যক্রমের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু ব্যাংকিং সেবা বন্ধ রাখা হবে।

যেসব ব্যাংক এ বিষয়ে গ্রাহকদের অবহিত করেছে সেগুলো হলো-ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কিউ-ক্যাশ নেটওয়ার্ক-সংশ্লিষ্ট সেবায় সাময়িক বিঘ্ন ঘটবে। এর ফলে এসব ব্যাংকের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স এবং কিউআরভিত্তিক লেনদেন বন্ধ থাকবে।

অর্থাৎ, সেবা বন্ধ থাকার সময়ে গ্রাহকেরা সংশ্লিষ্ট কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে পারবেন না। একইভাবে পিওএস মেশিনে কার্ডের মাধ্যমে কেনাকাটা, কিউআর কোড ব্যবহার করে লেনদেন এবং এনপিএসবি ও ই-কমার্সের মাধ্যমে নির্দিষ্ট লেনদেনও করা যাবে না।

ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সব সেবা ধাপে ধাপে স্বাভাবিক হয়ে যাবে।

সাময়িকভাবে ব্যাংকিং সেবা বন্ধ থাকায় গ্রাহকদের যে অসুবিধা হতে পারে, সে জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় লেনদেন ও আর্থিক কার্যক্রম আগেভাগে সম্পন্ন করার বিষয়েও গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।