নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালন করেন তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় পুলিশের চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। মোটরসাইকেলটির বৈধ নিবন্ধন না থাকায় পুলিশ সেটি আটক করে। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে আক্তারুজ্জামানের বাগবিতণ্ডা হয়।
ঘটনার কিছুক্ষণ পর ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। তারা কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে মোটরসাইকেল আটকের প্রতিবাদ জানান।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। প্রায় এক ঘণ্টা পর আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ছাত্রদল নেতা আক্তারুজ্জামান বলেন, সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে থামিয়ে কাগজপত্র দেখতে চায়। তিনি কাগজপত্র দেখানোর পর পুলিশ সদস্যদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে ভুল বোঝাবুঝি হয়। পরে তার ফোন চাওয়া হয়। ফোনটি ফেরত নেওয়ার জন্য তিনি পুলিশ সুপারের কার্যালয়ে এসেছিলেন বলে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারের মোটরসাইকেল টিএসআই ও সার্জেন্ট থামিয়ে কাগজপত্র যাচাই করেন। মোটরসাইকেলটির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তা নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই ছাত্রদল নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।
তিনি আরও বলেন, ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।


