...|...|...

রাজনীতি

দেশব্যাপী ধর্মঘটের ডাক নিষিদ্ধ ছাত্রলীগের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৫
Shares
দেশব্যাপী ধর্মঘটের ডাক নিষিদ্ধ ছাত্রলীগের

ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আগামী ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। রবিবার (৮ নভেম্বর) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গণতন্ত্র, নাগরিক অধিকার, শিক্ষার পরিবেশ ও জনজীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরে আট দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

দাবিগুলোর মধ্যে রয়েছে- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা মামলা প্রত্যাহার এবং আটক রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি। পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

শিক্ষাসংক্রান্ত দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, বাতিল হওয়া বৃত্তি ও সার্টিফিকেট পুনর্বহাল এবং ক্লাস, পরীক্ষা ও আবাসনসংক্রান্ত অধিকার নিশ্চিত করা। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চাকরিতে যাচাই-বাছাইয়ের নামে হয়রানি ও রাজনৈতিক বিবেচনায় নিয়োগের অভিযোগ বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করা, সরকারি কর্ম কমিশনে রাজনৈতিক প্রভাব বন্ধ, শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ বরাদ্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধের দাবিও উল্লেখ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালতের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদমাধ্যমসহ জরুরি সেবাগুলোকে ধর্মঘটের আওতার বাইরে রাখার কথা জানিয়েছে সংগঠনটি।