রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি বাড়িতে হামলা এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার পৃথক দুটি ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং পৃথক দুটি বার্তায় বিষয়টি জানিয়েছে।
ডিএমপি জানায়, শ্যামলী হাউজিংয়ের ঘটনায় পাঁচজন এবং চাঁদ উদ্যানের ঘটনায় আটজন গ্রেফতার হয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগী বাড়ির মালিকের সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে শ্যামলী হাউজিংয়ের ৬ নম্বর সড়কের ৪১ ও ৪২ নম্বর প্লটের বহুতল ভবনে হামলা চালায়।
এর আগে প্রায় দেড় বছর ধরে একই গ্রুপ ভবনটি দখলে রেখেছিল। গত মার্চে পুলিশ ওই গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করে মালিককে ভবনের দখল ফিরিয়ে দেয়।
হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভেতরের লোকজন গেট খুলতে রাজি না হওয়ায় মুখোশধারী কয়েকজন রামদা ও ইট দিয়ে মূল ফটক ও জানালা ভাঙচুর করে।
পরে বাড়ির মালিক আদাবর থানায় মামলা করেন। মামলায় খুরশিদ আলম খানসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
অন্যদিকে একই দিন শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে কয়েক শ লোক একটি প্লটে ঢুকে পড়ে।
তারা ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও যন্ত্রপাতি লুট করে। পরে জায়গাটি টিন দিয়ে ঘিরে ফেলা হয়।
পুলিশ ও বিরোধে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি দাবি থেকেই এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলায় পুলিশ প্রাথমিকভাবে দুজনকে গ্রেফতার করে।


