...|...|...

তথ্যপ্রযুক্তি

টিকটকের সাথে যুক্তরাষ্ট্রের ৪০ কোটি ডলারের সমঝোতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৩৫
Shares
টিকটকের সাথে যুক্তরাষ্ট্রের ৪০ কোটি ডলারের সমঝোতা

ছবি: সংগৃহীত

শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাথে টিকটক ৪০ কোটি ডলারের একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে ২০২৪ সালে দায়ের হওয়া মামলাটি সমাধানের পথে এগোচ্ছে।

চুক্তি অনুযায়ী টিকটককে অবিলম্বে ৩০ কোটি ডলার পরিশোধ করতে হবে, বাকি ১০ কোটি ডলার পরবর্তী সময়ে দিতে হবে।

শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তথ্য প্রকাশ করে।

মূল অভিযোগ ছিল, টিকটক এবং এর চীনভিত্তিক মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স ১৩ বছরের নিচের শিশুদের ব্যক্তিগত তথ্য অভিভাবকের সম্মতি ছাড়াই সংগ্রহ করেছে। এছাড়া অভিভাবকদের অনুরোধ সত্ত্বেও শিশুদের অ্যাকাউন্ট যথাযথভাবে মুছে ফেলা হয়নি বলেও উল্লেখ করা হয়- এমনকি অ্যাকাউন্টগুলো শিশুর বলে নিশ্চিত জানার পরেও।

মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই. উডওয়ার্ড জুনিয়রের মতে, এই সমঝোতা যুক্তরাষ্ট্রের শিশু ও অভিভাবকদের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য, এবং শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্যগুলোর একটি।

২০২৪ সালের মামলার পর টিকটকের যুক্তরাষ্ট্র কার্যক্রমে একাধিক পরিবর্তন এসেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মালিকানা কাঠামোর রদবদল। চলতি বছরের জানুয়ারিতে ওরাকল, সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ সংস্থা এমজিএক্সের সাথে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান গঠনের ভিত্তি তৈরি হয়।

এই সমঝোতা এমন সময়ে হলো যখন বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিশুদের তথ্য সুরক্ষা নিয়ে একের পর এক আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং অনেক দেশ শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করছে।

একইসাথে যুক্তরাষ্ট্রে মেটার বিরুদ্ধেও অনুরূপ অভিযোগে মামলা চলমান- ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিশুদের অনলাইন গোপনীয়তা রক্ষা-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

টিকটকের এই সমঝোতা একটি মামলার সমাপ্তি ঘটালেও, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শিশু তথ্য সুরক্ষা বিষয়ে যুক্তরাষ্ট্রের নজরদারি সামনে আরও কঠোর হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।