...|...|...

সারাদেশ

টানা দুই দিন ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা, বেড়েছে গরমের ভোগান্তি

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২০
Shares
টানা দুই দিন ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা, বেড়েছে গরমের ভোগান্তি

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনীতে। এতে প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ায় অস্বস্তিতে পড়েছেন জেলার মানুষ। বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন সোমবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ফেনীতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা বাড়ার সাথে সাথে দিনের বেলায় রাস্তাঘাটে মানুষের স্বাভাবিক চলাচলেও দেখা দিয়েছে ভোগান্তি। তীব্র রোদের মধ্যে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে স্বস্তি পেতে ছাতা ও পানি ব্যবহার করতে দেখা গেছে। অন্যদিকে জীবিকার তাগিদে রিকশা-অটোরিকশাচালকসহ শ্রমজীবী মানুষকে প্রচণ্ড গরমের মধ্যেই কাজ করতে হচ্ছে।

স্থানীয়রা বলছেন, কয়েক দিন ধরে বৃষ্টির দেখা কম থাকায় গরমের অনুভূতি আরও বেড়েছে। দিনের বেশির ভাগ সময় রোদের তীব্রতা থাকায় বাইরে বের হলেই শরীরে ক্লান্তি ও অস্বস্তি তৈরি হচ্ছে।

আবহাওয়া পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি গরমে পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত সময় রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে রেকর্ড হওয়ায় তীব্র গরমে স্বাভাবিক জীবনযাত্রায় পড়েছে এর প্রভাব।