...|...|...

সারাদেশ

মাদক সেবনকালে ধরা, দুই যুবককে দিয়ে পুকুর পরিষ্কার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৪
Shares
মাদক সেবনকালে ধরা, দুই যুবককে দিয়ে পুকুর পরিষ্কার

মাদক সেবনের অভিযোগে দুই যুবককে দিয়ে পুকুর পরিষ্কার। ছবি: টাইমস টুডে

ফেনীর সোনাগাজীতে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে বাজারের ময়লা-আবর্জনায় ভরা পুকুর পরিষ্কারে নামানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বক্তারমুন্সী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় মোহাম্মদ সাকিব (৪০) ও জাহেদ আলম (৩৮) নামে দুজনকে স্থানীয়রা আটক করেন। পরে তাদের বক্তারমুন্সী বাজারে নিয়ে যাওয়া হয়।

আটকের পর বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা একটি পুকুর পরিষ্কারের কাজে তাদের যুক্ত করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে তারা পুকুরের ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন।

আটক সাকিব সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে। অপর ব্যক্তি জাহেদ আলম আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে।

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দাউদুল ইসলাম মিনার বলেন, সকালে ওই দুই ব্যক্তির গাঁজা সেবনের খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, মাদকসেবীদের শুধু আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের পরিবর্তে অন্যদের নিরুৎসাহিত করতে তাদের দিয়ে বাজারের অপরিচ্ছন্ন পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।

স্থানীয়দের দাবি, জনসম্মুখে মাদক সেবনের প্রবণতা ঠেকাতে সামাজিকভাবে সচেতনতা তৈরি করা প্রয়োজন। এ ধরনের ঘটনায় স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থাও জরুরি বলে মনে করছেন তারা।