শরতের শেষভাগ পেরিয়ে আশ্বিনের প্রথম দিনেই ঠাকুরগাঁওয়ে দেখা মিলেছে ঘন কুয়াশার। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। এতে প্রকৃতিতে শীতের আগমনী বার্তার অনুভূতি পাওয়া যাচ্ছে।
সকালে ঠাকুরগাঁও শহরসহ জেলার বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা দেখা যায়। ভোরের দিকে রাস্তাঘাট ও ফসলের মাঠ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। বেলা বাড়ার সাথে সঙ্গে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসে।
স্থানীয়রা জানান, আশ্বিনের শুরুতেই কুয়াশার দেখা মেলায় শীতের আগমনী অনুভূতি পাওয়া যাচ্ছে। এখন থেকেই মাঝরাতে ও ভোরে হালকা শীত অনুভূত হচ্ছে এবং রাতে কাঁথা গায়ে নিতে হচ্ছে।
উত্তরের জেলা হওয়ায় প্রতিবছরই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। স্থানীয়দের ভাষ্য, এ অঞ্চলে শীতের আগমনও তুলনামূলকভাবে আগে এবং বিদায় নেয় দেরিতে।


