...|...|...

রাজনীতি

ইসলামী আন্দোলন

জাতিসংঘ সভাপতির প্রথম টার্গেট হোক রোহিঙ্গা সমস্যার সমাধান

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৪
Shares
জাতিসংঘ সভাপতির প্রথম টার্গেট হোক রোহিঙ্গা সমস্যার সমাধান

জাতিসংঘ সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: টাইমস টুডে গ্রাফিকস

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি থাকাকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে রোহিঙ্গা সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এ আহ্বান জানান। 

তিনি বলেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন। এটা বাংলাদেশের জন্য সুখবর। এ সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ভূখণ্ডের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা সমস্যার সমাধান করাই হোক তার প্রথম টার্গেট।

তিনি বলেন, ১৯৭৮ সাল থেকে কয়েক দফায় প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য বাংলাদেশে জীবন বাঁচানোর তাগিদে অবৈধভাবে প্রবেশ করে। তাদের পরবর্তী প্রজন্ম মিলে এই সংখ্যা কোথায় গিয়ে পৌঁছেছে, সেটা হিসাবের বাইরে। তাদের অপরাধের সীমানা এখন কক্সবাজার ছাড়িয়ে পুরো দেশব্যাপী চলমান। 

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তাদের ভূমিকা কোনো অংশে কম না। সরকারের উচিত তাদেরকে স্বদেশে পাঠানোর সর্বোচ্চ প্রচেষ্টা করা। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান যেহেতু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সেহেতু তাকেই সামনে থেকে সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

সভায় নগর সেক্রেটারি কেএম শরীয়াতুল্লাহ বলেন, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি জনগণের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এ নিয়ে সরকারের কোন কার্যকরী পদক্ষেপ দেখতে পাচ্ছি না । দেশ এবং দেশের জনগণ নিয়ে সরকার আদৌ ভাবে কি-না সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা দিতে না পারলে সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ছয়মাসের কার্যক্রম আমাদেরকে আশাহত করেছে।