...|...|...

জাতীয়

জাতিসংঘে আস্থা ফেরানোই অগ্রাধিকার: ড. খলিলুর রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৭
Shares
জাতিসংঘে আস্থা ফেরানোই অগ্রাধিকার: ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ থাকলেও যেসব ক্ষেত্রে সম্ভব, সেখানে পারস্পরিক ঐকমত্য ও অভিন্ন অবস্থান এবং আস্থা ফেরানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুযোগগুলোকে কাজে লাগাতে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, সব সমস্যা দ্রুত এবং সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে—এমনটি ভাবার সুযোগ নেই। কিছু বিষয় অমীমাংসিত থেকে যেতে পারে, আবার কিছু সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে দীর্ঘ সময় লাগতে পারে।

তবে মতপার্থক্য থাকলেও যেখানে ঐকমত্যের সুযোগ রয়েছে, সেখানে অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা থেকে সরে আসা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের সমঝোতার ক্ষেত্র খুঁজে বের করতে তিনি নিরন্তর কাজ করে যাবেন বলেও জানান।

এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সভাপতির দায়িত্ব গ্রহণের আগে তিনি ৮১তম অধিবেশন নিয়ে নিজের পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন।

সাবেক পেশাদার কূটনীতিক খলিলুর রহমান কর্মজীবনের বড় একটি সময় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরকেন্দ্রিক বিভিন্ন দায়িত্বে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সম্মেলন—আঙ্কটাডের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। এরপর প্রায় ২৫ বছর নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন। জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকাশনার প্রধান লেখক হিসেবেও কাজ করেছেন তিনি।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। পরবর্তীতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকারের দায়িত্বও পালন করেন।