...|...|...

জাতীয়

গার্মেন্টস শিল্প ইস্যু

জাতীয় স্বার্থে সেশন থেকে নোটিশ ড্রপ না করার আহ্বান ড. শফিকুর রহমানের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, রাত ১১:০১
Shares
জাতীয় স্বার্থে সেশন থেকে নোটিশ ড্রপ না করার আহ্বান ড. শফিকুর রহমানের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

গার্মেন্টস শিল্প ইস্যুতে জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যকাল আর মাত্র দুদিন বাকি থাকায় একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনার সুযোগ থাকছে কি না, তা নিয়ে স্পিকার ও সংসদ সচিবালয়ের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

সংসদ অধিবেশনে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় স্বার্থে কোনো অবস্থাতেই এই নোটিশটি সেশন থেকে বাদ দেওয়া উচিত নয়। এটি কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, বরং দেশের জাতীয় শিল্প বাঁচানোর তাগিদেই এখানে সামগ্রিক দায়বদ্ধতা রয়েছে।

সরকারের দায়িত্বশীলতার পাশাপাশি বিরোধী দল হিসেবে তারাও নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করে জানান যে, জনগণের স্বার্থেই সংসদে তারা কথা বলতে এসেছেন এবং মঙ্গলবারের (১৭ নভেম্বর) কার্যতালিকা বা আলোচ্যসূচিতে যেন বিষয়টি নিশ্চিত করা হয়, সেজন্য তারা জোর দাবি জানাচ্ছেন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে গার্মেন্টস শিল্পের সংকট সমাধানে বিরোধীদলের সংসদ সদস্য নাজিবুর রহমান এর আনীত নোটিশ এর বিষয়ে গত দুইদিন আলোচনা না হওয়ায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন বিরোধীদলীয় নেতা।

বিরোধীদলীয় নেতা জানান, এর আগে নেগোসিয়েশন ও আলাপ-আলোচনার মাধ্যমেই একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরে স্পিকার তা স্থগিত ঘোষণার পর আজকের কার্যতালিকাভুক্ত না থাকায় বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেশনের শেষ দিনগুলোতে কাজের চাপ ও অন্যান্য প্রক্রিয়া কেমন থাকে তা সবারই জানা থাকায়, আগামীকালকেই একমাত্র কার্যকর দিন হিসেবে দেখছে বিরোধী দল। তাই শেষ দিনের বঞ্চনা থেকে রক্ষা পেতে এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট ওই নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠানের সুযোগ নিশ্চিত করতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত বুধবার আলোচনার পরিপ্রেক্ষিতে রবিবারের বিষয়টি ফিক্স করা হয়েছিল। তবে যেহেতু স্পিকার এটি স্থগিত ঘোষণা করেছেন, সেহেতু এ বিষয়ে পরে যোগাযোগ সাপেক্ষে সিদ্ধান্ত জানানো সম্ভব হবে এবং আজকের কার্যতালিকাভুক্ত না থাকায় স্পেসিফিকালি এই মুহূর্তে তা অ্যাড্রেস করার সুযোগ নেই। পাশাপাশি কার্যপ্রণালী বিধি অনুযায়ী ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার পর ওই বিষয়ে আর কোনো আলোচনার সুযোগ থাকে না বলেও স্পষ্ট করা হয়।