ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতা এবং মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এর আগে বুধবার সকালে তৈরি পোশাকশ্রমিকদের জন্য গঠিত ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার এবং জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত সপ্তাহে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে এ আন্দোলন গাজীপুর, সাভার-আশুলিয়া ও মিরপুর এলাকায় ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে গত রোববার (১ নভেম্বর) সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা।
এদিকে, নবগঠিত মজুরি বোর্ডের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। শেখ আশফাকুর রহমানকে সরিয়ে সৈয়দ আজাদ সুবহানীকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।


