...|...|...

সারাদেশ

যশোরে বাপার সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জলাবদ্ধতা নিরসন ও দখলমুক্তকরণে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি

যশোর প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৯
Shares
জলাবদ্ধতা নিরসন ও দখলমুক্তকরণে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: টাইমস টুডে

যশোরকে নদী ও খালের অবৈধ দখল থেকে মুক্ত করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৯ অক্টোবর) যশোরের ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুল কনফারেন্স রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি যশোরের পরিবেশ সুরক্ষা, খাল পুনর্খনন, বৃক্ষরোপণ এবং পরিবহন খাতে লিথিয়াম-আয়ন ব্যাটারি চালিত ইজিবাইক চালুর মতো সরকারের একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যারা নদী, খাসজমি ও পুকুর দখল করে, তারা প্রভাবশালী। তবে বিএনপি প্রভাবশালীদের সাথে নয়, সাধারণ মানুষের পক্ষে থেকে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।

যেকোনো উন্মুক্ত জলাশয় যা প্রভাবশালীরা দখল করে রেখেছিল, সে দখল আমরা মুক্ত করেই জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই। মানুষ যেন একটি স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ খুঁজে পায়। কেশবপুরে খাল পুনর্খনন শুরু করেছি, হৈবতপুরে শেষ করেছি এবং ২০৩০-এর মধ্যে ইনশাআল্লাহ যশোরের সব উপজেলার প্রয়োজনীয় খালগুলো আমরা পুনর্খনন করব।

যশোর, অভয়নগর, কেশবপুর, মনিরামপুরসহ এই অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। অতীত উদ্যোগের ধারাবাহিকতা না থাকায় এই সংকট তীব্র হয়েছে উল্লেখ করে তিনি জানান, পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীকে সাথে নিয়ে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে খুব দ্রুতই টেকসই সমাধান খোঁজা হবে।

পাশাপাশি ঐতিহাসিক যশোর-বেনাপোল সড়কের ঐতিহ্যবাহী প্রাচীন গাছগুলো রক্ষা করেই সড়ক উন্নয়নের আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় লেড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন বেসড ব্যাটারি ব্যবহার একটি বড় সমাধান। এটি যেমন বিদ্যুৎ সাশ্রয় করবে, তেমনি পরিবেশ দূষণ কমাবে। ডেসকোর মাধ্যমে উত্তরখানে যে পাইলট প্রজেক্ট আমরা চালু করেছি, তা পর্যায়ক্রমে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।

বাপা যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার অজিজুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মাদ তালুকদারসহ স্থানীয় পরিবেশকর্মীরা।