...|...|...

সারাদেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে পলিসিগত কিছু বিষয় ছিল: শিক্ষা প্রতিমন্ত্রী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৭
Shares
প্রাথমিক শিক্ষক নিয়োগে পলিসিগত কিছু বিষয় ছিল: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: নিজস্ব

প্রাথমিক শিক্ষক নিয়োগে দায়িত্ব নেওয়ার সক্ষমতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষক নিয়োগে পলিসিগত কিছু বিষয় ছিল, যে জায়গা থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের পেছনে সুস্পষ্ট নীতি বা প্রিন্সিপাল ছিল।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) আয়োজিত দেশের বৃহত্তম টেক্সটাইল ফেস্ট বাংলাদেশের দ্বিতীয় ও সমাপনী দিনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষক নিয়োগে পলিসিগত কিছু বিষয় ছিল, যে জায়গা থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলোর পেছনে সুস্পষ্ট নীতি বা প্রিন্সিপাল ছিল। মূলত যাদের দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা বা ক্যাপাবিলিটি আছে, তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়ায় ভুলত্রুটির বিষয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগে গতানুগতিক নিয়মগুলোই অনুসরণ করা হয়েছে, বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হয়েছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর কিছু জায়গায় হয়তো দুর্বলতা তৈরি হয়েছিল বা ভুল-ত্রুটি থাকতে পারে। তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর অত্যন্ত দায়িত্বের সাথেই সেসব ত্রুটি সংশোধন ও পূরণ করছে। আমরা আশাবাদী, সবকিছু অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে সরকার সব সেক্টর নিয়ে কাজ করছে। শিক্ষকদের অবস্থা ও পাঠদান মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে যথাযথ দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ নিটারের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।