...|...|...

সারাদেশ

ঘরের ভেতর কাঁদছিল শিশু, ছাদ কেটে ঢুকতেই মিলল মায়ের লাশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২০
Shares
ঘরের ভেতর কাঁদছিল শিশু, ছাদ কেটে ঢুকতেই মিলল মায়ের লাশ

প্রতীকী ছবি।

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঘরের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় উদ্বেগ বাড়ে। একপর্যায়ে ঘরের টিনের ছাদ কেটে ভেতরে ঢুকে দেখা যায়, বিমের সাথে ঝুলছে ২৫ বছর বয়সী ইয়াছমিন আকতারের লাশ। ঘরে তখনো কাঁদছিল শিশুটি।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন ওই গ্রামের আবদুল হামিদের স্ত্রী। পেশায় রাজমিস্ত্রি আবদুল হামিদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে আবদুল হামিদের বাড়ির একটি কক্ষ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান আশপাশের লোকজন। পরে তারা সেখানে গিয়ে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। 

পরিস্থিতি বুঝতে না পেরে আবদুল হামিদের এক স্বজন ঘরের টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করেন। তখনই ইয়াছমিনকে ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন তার লাশ নামিয়ে পুলিশকে খবর দেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে ইয়াছমিন আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।