...|...|...

সারাদেশ

আওয়ামী লীগ আমলে সাদা খাতা জমা দিয়েও মিলত এ প্লাস: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ৮:২৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৫
Shares
আওয়ামী লীগ আমলে সাদা খাতা জমা দিয়েও মিলত এ প্লাস: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: টাইমস টুডে

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, একটি দেশকে পিছিয়ে দিতে কিংবা ধ্বংস করতে হলে প্রথমেই সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সেটিই করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষার হলে না লিখে সাদা কাগজ জমা দিয়েও পরীক্ষার্থীরা জিপিএ-৫ পেত। সামান্য লিখলেই গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটত। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাব্যবস্থার সেই তামাশা ও খামখেয়ালিপনা বন্ধ হয়েছে। এখন না পড়ে কেউ পাস করতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গত অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বিকল্প নেই।

বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায় উল্লেখ করে হুইপ বলেন, বিএনপি সন্ত্রাস ও অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল পার্শ্ববর্তী দেশে বসে নানা অজুহাতে বাংলাদেশকে অশান্ত করে ফায়দা লুটতে চায়। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে দুলু বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব ধর্ম ও মতের মানুষ মিলেমিশে বসবাস করে। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে। কোনো ধরনের সমস্যা ছাড়াই যাতে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব। এ ছাড়া নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন বক্তব্য দেন।