মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পেলেন না নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রিয়ান আহমেদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের পশ্চিম বাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ২০২৩ সালে সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় রিয়ান আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তিনি চিহ্নিত পলাতক আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশ্চিম বাজার এলাকায় রিয়ানের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাকে খুঁজে বের করতে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালান পুলিশ সদস্যরা। একপর্যায়ে বাড়ির পানির ট্যাংকের ভেতরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে শনাক্ত করা হয়। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতার রিয়ান আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


