বিরোধী দলের মূল লক্ষ্যই হলো বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি করা এবং সমাজকে নষ্ট করা—এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খোকন তালুকদার বলেন, ‘আমাদের দেশে এমন এক বিরোধী দল তৈরি হয়েছে, যাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি ক্ষেত্রে কীভাবে অরাজকতা ছড়ানো যায় এবং সমাজকে নষ্ট করা যায়।’
তিনি আরও বলেন, ফুটপাতে অতিরিক্ত দোকান বসলে বিরোধিতা করা হয়। আবার জনস্বার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করা হলেও এর বিরোধিতা করে প্রতিবাদ শুরু করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রান্তোস মন্ডল, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় নেতৃবৃন্দ।


