যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সচল থাকা দুটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে এবং জাতীয় গ্রিডে এখান থেকে কোনো বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
এরপর মঙ্গলবার সকাল ৫টা ৫ মিনিটের দিকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটেও যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে সেটিও বন্ধ করে দেওয়া হয়। ফলে কেন্দ্রটির বর্তমানে কোনো ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।
প্রধান প্রকৌশলী জানান, ত্রুটি মেরামতের কাজ দ্রুত শেষ করে বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট রয়েছে। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।
এতদিন প্রথম ও তৃতীয় ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুটি ইউনিটও বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বড়পুকুরিয়া কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ যুক্ত হচ্ছে না।


