...|...|...

অর্থনীতি

৩০ ব্যাংকের কার্ড-এটিএম-অনলাইনসহ বিভিন্ন সেবা বন্ধ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সকাল ১০:২১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪৩
Shares
৩০ ব্যাংকের কার্ড-এটিএম-অনলাইনসহ বিভিন্ন সেবা বন্ধ

ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলায় ৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু কার্ড ও লেনদেনসেবা। 

ব্যাংকগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবা সীমিত করা হয়েছে। আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। তবে নির্ধারিত সময়ের আগে সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো আগেই স্বাভাবিক হতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে সাময়িক এ বিঘ্ন ঘটছে। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করা হয়নি। সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে অসন্তোষ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর অংশ হিসেবে ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। কিন্তু ব্যাংকগুলো এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে জানায়নি।

যেসব ব্যাংকের সেবা সীমিত

সাময়িকভাবে বিভিন্ন সেবা সীমিত হওয়া ব্যাংকগুলো হলো—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।

তালিকায় আরও রয়েছে মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।

কিছু লেনদেন চালু থাকবে

এ সময়ে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, সিআরএম ও পিওএস ব্যবহার করে লেনদেনে সমস্যা হতে পারে। ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে সাময়িক সেবা বন্ধের তথ্য জানানো হয়েছে। জরুরি লেনদেনের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

তবে ডেবিট কার্ডের কিছু লেনদেন স্বাভাবিক থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। পাশাপাশি অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মোবাইল আর্থিক সেবা বিকাশ, নগদ ও উপায়ের মাধ্যমে লেনদেন চালু থাকার কথা বলা হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে সিস্টেম আপগ্রেড বা মাইগ্রেশনের সময় কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা অস্বাভাবিক নয়। তবে একসঙ্গে অনেক ব্যাংকের সেবা সীমিত হওয়ায় গ্রাহকদের ভোগান্তির শঙ্কা রয়েছে।

বিশেষ করে জরুরি সময়ে এটিএম থেকে টাকা তোলা, দোকানে কার্ড দিয়ে কেনাকাটা, অনলাইন পেমেন্ট কিংবা কিউআর লেনদেনে ব্যাংক ও সেবাভেদে সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা। তাই এ সময় যাঁদের জরুরি লেনদেনের প্রয়োজন রয়েছে, তাঁদের আগেই বিকল্প ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলেই সংশ্লিষ্ট সেবাগুলো আবার স্বাভাবিক হবে।