হাইস্কুলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও বিনিয়োগ না থাকার অভিযোগ তুলে ফ্রান্সজুড়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নের সদস্যরা। চলমান বিক্ষোভের কারণে দেশটির প্রায় দুই হাজার হাইস্কুল বন্ধ বা অবরুদ্ধ হয়ে পড়েছে।
ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ হাজার ৮৯১টি হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে অবরুদ্ধ রয়েছে অথবা কর্তৃপক্ষ সেগুলো বন্ধ করে দিয়েছে। একই সময়ে দেশটির প্রায় ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়েও আন্দোলনের প্রভাব পড়েছে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের সংগঠন ইউনিয়ন এটুডিয়ান্ট জানিয়েছে, মার্সেই, নিস, নান্তেস, লিয়োঁ ও প্যারিসসহ ৩০টির বেশি শহরে বিক্ষোভ চলছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনের প্রভাব পড়েছে শহরের অন্যান্য স্থানেও। নিক বিকের তথ্য অনুযায়ী, লিলি শহরে বিক্ষোভকারীরা ময়লার ডাস্টবিনে আগুন ধরিয়ে দিয়েছেন।
প্যারিসের এক শিক্ষার্থী আন্দোলনের কারণ তুলে ধরে বলেন, ‘আমি ভবিষ্যতের জন্য খুবই ভয় পাচ্ছি।’
সরকার যখন রাষ্ট্রীয় ব্যয় কমানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, তখন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবিগুলো কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে গত সপ্তাহেও ফ্রান্সের বিভিন্ন এলাকায় শত শত হাইস্কুল অবরুদ্ধ করেছিলেন শিক্ষার্থীরা। ওই সময়ের বিক্ষোভে অন্তত ২১৫ জন আহত হন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


