...|...|...

বিশ্ব

কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে ‘সতর্ক’ বিজিবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৯
Shares
কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে ‘সতর্ক’ বিজিবি

ছবি: সংগৃহীত

‘অবৈধভাবে’ বসবাসের অভিযোগে ভারতের জম্মু ও কাশ্মীর থেকে অন্তত ১৫০ জন ‘বাংলাদেশিকে’ আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’।

সোমবার (৫ অক্টোবর) তাদের আটক করার পর ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে ফেরত পাঠানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে এটিই প্রথম কোনো প্রকাশ্যে নথিভুক্ত ও বৃহৎ পরিসরের ফেরত পাঠানোর ঘটনা।

প্রতিবেদনে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে বলা হয়, কাশ্মীরে কর্মরত শ্রমিকদের নিবন্ধনের সময় আধার কার্ডের তথ্যে অসঙ্গতি ধরা পড়লে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সীমান্ত পার করে দেয়। তবে পঞ্চগড়ের বাংলাবান্ধা নাকি রাজশাহীর মালদা সীমান্ত দিয়ে পাঠানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, জম্মু ও কাশ্মীরে নিবন্ধিত মোট ৫০৪ জন বাংলাদেশি নাগরিকের তালিকা রয়েছে। আটক ১৫০ জনও তাদের অংশ। আগামী ৭ অক্টোবর আরও একটি দলকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কাশ্মীর প্রশাসন।

ভারতের সংবাদমাধ্যমের এমন খবরের পর সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মো. কায়েস জানান, যেকোনো ধরনের অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধে সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।