...|...|...

বিশ্ব

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মিলছে ডেঙ্গুর টিকা, স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ১০:০৬
Shares
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মিলছে ডেঙ্গুর টিকা, স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

মশার কামড়ে ছড়ানো প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য হয়েছে কার্যকর টিকা ‘কিউডেঙ্গা’। বিদেশে ভ্রমণকারীদের মধ্যে সংক্রমণ বৃদ্ধিতে টিকায় সবুজ সংকেত দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এখন সাধারণ চিকিৎসকের (জিপি) ব্যবস্থাপত্র নিয়ে যেকোনো যাত্রী বা নাগরিক এই টিকা নিতে পারবেন।

অস্ট্রেলিয়ায় এই টিকা উন্মুক্ত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বড় স্বস্তি ফিরেছে। প্রতিবছর ছুটির মৌসুমে বিপুলসংখ্যক প্রবাসী সপরিবারে দেশে ফেরেন। কিন্তু বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রাণহানির কারণে শিশুদের নিয়ে তাদের তীব্র আতঙ্কে থাকতে হতো। সিডনির বাসিন্দা মোহাম্মদ ইরফান খান বলেন, ‘সামনে ছুটিতে দেশে যাওয়ার পরিকল্পনা আছে। ডেঙ্গুর ভয়ে মন সব সময় ব্যাকুল থাকত। অস্ট্রেলিয়ায় এই টিকা পাওয়াটা আমাদের জন্য বড় দুশ্চিন্তামুক্তি।’

টিকা প্রদানসংক্রান্ত দেশটির জাতীয় উপদেষ্টা কমিটি জানায়, চার বছর বা তার বেশি বয়সীরা কিউডেঙ্গা টিকা নিতে পারবেন। ০.৫ মিলিলিটারের দুটি ডোজে এই টিকা প্রয়োগ করা হয়, যেখানে প্রথম ডোজ নেওয়ার অন্তত ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়।

বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গুর চারটি ভিন্ন ধরন রয়েছে। অতীতে একবার কোনো এক ধরনে আক্রান্ত ব্যক্তি দ্বিতীয়বার ভিন্ন ধরনে সংক্রমিত হলে তা প্রাণঘাতী হতে পারে। বিশ্বের প্রথম ডেঙ্গু টিকা ‘ডেংভ্যাক্সিয়া’ কেবল অতীতে ডেঙ্গুতে আক্রান্তদের জন্য সীমাবদ্ধ থাকলেও, ‘কিউডেঙ্গা’ টিকার বড় সুবিধা হলো—যারা কখনো ডেঙ্গুতে আক্রান্ত হননি, তারাও এটি নিতে পারবেন।

বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ১০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। অস্ট্রেলিয়ায় শনাক্ত রোগীদের প্রায় শতভাগই বিদেশভ্রমণের সময় সংক্রমিত হন। দেশটিতে রেকর্ড ২ হাজার ৩৮১ জন এবং বিগত বছরে ১ হাজার ৮৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারতের পাশাপাশি বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রেও প্রবাসী ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন দেশটির চিকিৎসকেরা।