...|...|...

বিশ্ব

জঙ্গলে আটকে থাকা তিন শিশুর ঘটনায় ক্ষমা চাইল নিউজিল্যান্ড সরকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৩
Shares
জঙ্গলে আটকে থাকা তিন শিশুর ঘটনায় ক্ষমা চাইল নিউজিল্যান্ড সরকার

ছবি: সংগৃহীত

পলাতক বাবা টম ফিলিপসের সঙ্গে বছরের পর বছর জঙ্গলে থাকতে বাধ্য হওয়া তিন শিশুর সুরক্ষায় ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেন, শিশুদের সুরক্ষায় কিছু সুযোগ কাজে লাগানো যায়নি। এর প্রভাবের জন্য সরকার দুঃখ প্রকাশ করছে।

তিনি বলেন, “কিছু সুযোগ হাতছাড়া হয়েছিল এবং ওই শিশুদের ওপর এর যে প্রভাব পড়েছে, তার জন্য আমরা দুঃখিত।”

একটি সরকারি তদন্তে উঠে এসেছে, দীর্ঘ সময় লোকালয় থেকে বিচ্ছিন্ন থাকার কারণে শিশুদের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়েছিল, তা সংশ্লিষ্ট সংস্থাগুলো যথাযথভাবে গুরুত্ব দেয়নি।

২০২১ সালের ডিসেম্বরে টম ফিলিপস তাঁর তিন সন্তানকে—যাদের বয়স তখন ৫, ৭ ও ৮ বছর—নিয়ে জঙ্গলে আত্মগোপনে চলে যান। এর আগে তিনি সন্তানদের নিয়ে নিখোঁজ হলেও, এরপর প্রায় চার বছর তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেনি। কারণ সংশ্লিষ্টদের মধ্যে ধারণা ছিল, শিশুদের নিরাপত্তা বা কল্যাণ নিয়ে বড় কোনো ঝুঁকি নেই।

সাবেক হাইকোর্ট বিচারপতি সাইমন মুরের নেতৃত্বে করা তদন্তে পুলিশ, শিশু সুরক্ষা সংস্থা ওরাঙ্গা তামারিকি, প্রতিরক্ষা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ের ঘাটতির বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, শিশুদের মায়ের উদ্বেগগুলো—যার মধ্যে আগ্নেয়াস্ত্রের নিরাপত্তা নিয়েও শঙ্কা ছিল—প্রায়ই অভিভাবকদের মধ্যকার বিরোধ হিসেবে দেখা হয়েছিল এবং যথেষ্ট গুরুত্ব পায়নি।

২০২৫ সালের ৭ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের পিওপিও এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে টম ফিলিপস নিহত হন। এরপর থেকে তাঁর তিন সন্তান সরকারি তত্ত্বাবধানে রয়েছে।

পুলিশ প্রকাশিত ছবিতে ফিলিপসের একটি গোপন আস্তানায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী দেখা যায়।

তদন্তে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও ফিলিপস পুরোপুরি বিচ্ছিন্ন ছিলেন না। ২০২২ সালে তিনি তাঁর মায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং নগদ অর্থ ও খাবার নিয়েছিলেন। এছাড়া ২০২৩ সালে তিনি ওয়াইকাটো অঞ্চলের বিভিন্ন দোকানে গিয়ে বিপুল পরিমাণ পণ্য কিনেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, একদিনে তিনি প্রায় ৬ হাজার নিউজিল্যান্ড ডলার খরচ করে খাবার, শিশুদের পোশাক, বাগানের সরঞ্জাম, মাছ ধরার সরঞ্জামসহ বিভিন্ন জিনিস কিনেছিলেন।

নিউজিল্যান্ডের সামাজিক উন্নয়নমন্ত্রী লুইস আপটন বলেন, ফিলিপস পরিবারের শিশুদের সুরক্ষায় সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে পারেনি। চার বছর ধরে তারা “অত্যন্ত অস্বাস্থ্যকর ও কঠিন পরিবেশে” ছিল বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের ডেপুটি কমিশনার জিল রজার্সও স্বীকার করেছেন, কিছু ক্ষেত্রে সুযোগ হাতছাড়া হয়েছে। তবে তিনি বলেন, মামলার সঙ্গে যুক্ত কর্মকর্তারা শিশুদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করেছেন।

তিনি বলেন, শিশুদের যে পরিবেশে থাকতে হয়েছে, তা হৃদয়বিদারক এবং ভবিষ্যতে এমন ঘটনায় আরও ভালোভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।