গাজার পশ্চিমাঞ্চলে দখলদার ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে মৃত্যুর সংখ্যা ১১ ছাড়িঁয়েছে। এবং এখনো অন্তত ১০০ জন ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীদের তথ্যমতে, আটকা পড়া এসব মানুষের মধ্যে অন্তত ৫০ জনই শিশু।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিভিল ডিফেন্সের একটি দলের বরাত দিয়ে জানা গেছে, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।
উদ্ধারকারীরা জানিয়েছেন, আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের চেষ্টা চলছে। তবে সীমিত সক্ষমতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, ভবনটি আগে ইসরায়েলি হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু নিরাপদ আশ্রয়ের অভাবে সেখানে বসবাসরত ফিলিস্তিনিরা ভবনটি ছেড়ে যেতে পারেননি।
স্থানীয় সময় ভোররাত ১টার দিকে (জিএমটি সময় রাত ১০টা), যখন ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন, তখন ভবনটি ধসে পড়ে। এরপর থেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।


