সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে।
এ ছাড়া অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখার তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।


